বিমান প্রদর্শনী চলাকালীন আকাশে উড়ন্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই বিমানে চারজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনা পরিস্থিতি বুঝতে পেরে তারা প্যারাস্যুটের সাহায্যে মাঝ আকাশে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের এলমোর কাউন্টির বড় শহর উন্টেন হোমে অবস্থিত এয়ার ফোর্স বেস থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো’র শেষদিনে এই দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানান, নৌবাহিনীর দুটি ইএ১৮-জি যুদ্ধবিমান যখন আকাশে কসরত প্রদর্শন করছিল তখন দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয়। তবে ক্রু সদস্যরা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিমান থেকে ইজেক্ট করে বা বেরিয়ে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় তারা কোনো আঘাত পেয়েছেন কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট করা হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পরপর দুই বিমানে ঘটনাস্থলে আগুন ধরে যায়। বিমানে থাকা ক্রু সদস্যরা প্যারাস্যুটের সাহায্যে তাৎক্ষণিক বেরিয়ে আসতে সক্ষম হন।
উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান প্রদর্শনীর বাকি সব আয়োজন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় এবং কিছু সময়ের জন্য পুরো সামরিক ঘাঁটিটি অবরুদ্ধ করে রাখা হয়।
মাউন্টেন এয়ার ফোর্স বেস গানফাইটার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ক্রু সদস্যরা বর্তমানে আশঙ্কামুক্ত ও স্থিতিশীল আছেন। আমাদের সমস্ত অতিথিদের ধৈর্য ও সহানুভূতির জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা খুব দ্রুত ও নিরাপদে এই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছি।
নৌবাহিনীর মুখপাত্র আরও বলেন, উদ্ধারকৃত ক্রু সদস্যদের বর্তমান শারীরিক অবস্থা চিকিৎসাকর্মীরা পরীক্ষা করে দেখছেন।
দুর্ঘটনার কবলে পড়া ইএ-১৮জি গ্রোলার্স বিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর প্রতিটির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার।
এয়ার শো-এর অন্যতম সহ-আয়োজক প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর কর্মকর্তা কিম সাইকস স্থানীয় একটি সিবিএস সংবাদমাধ্যমকে জানান, এই ভয়াবহ দুর্ঘটনায় সামরিক ঘাঁটির ভেতরে থাকা অন্য কোনো সাধারণ দর্শক বা ব্যক্তি আহত হননি।
এর আগে সর্বশেষ ২০১৮ সালে এই গানফাইটার স্কাইজ এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। তখন একটি গ্লাইডার বিমান দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছিলেন। রোববারের এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।