পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের পর তৃণমূল কংগ্রেসে নতুন করে সংগঠন সাজানোর ঘোষণা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী পরাজয়ের কারণ বিশ্লেষণ ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করছেন।
কালীঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, যারা দল ছাড়তে চান তারা যেতে পারেন, তবে যারা থেকে যাবেন তারাই দলের প্রকৃত শক্তি। তাঁর মতে, এখন সময় সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নিজেই সামনে থেকে দলকে পুনর্গঠন করবেন এবং প্রয়োজন হলে মাঠে নেমে কাজ করবেন। পরাজিত প্রার্থী ও নেতাদের উদ্দেশে তিনি ধৈর্য ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলীয় কার্যালয় ও সংগঠনকে পুনরুজ্জীবিত করতে হবে। যেখানে ক্ষতি হয়েছে, সেখানে আবার নতুন করে গড়ে তুলতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা–কর্মীদের মনোবল চাঙা করার ওপর গুরুত্ব দেন। তিনি দাবি করেন, জনগণের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও আইটি সেলের ভূমিকা নিয়েও আলোচনা হয়। আগামী নির্বাচনের আগে প্রচার কৌশল আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলীয় সাংগঠনিক পুনর্গঠন ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে তৃণমূলের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
শীর্ষনিউজ