Image description

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে এক ইন্দোনেশীয় নারীর সম্মান ও শখের ওড়না বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়লেন এক ভারতীয় যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘটনার ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই ওই অজ্ঞাতনামা যুবকের প্রশংসা এখন সবার মুখে মুখে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ডিজিটাল ক্রিয়েটর ইন্দাহা নামের এক নারী নিউ দিল্লি স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার গলার দোপাট্টা বা ওড়নাটি ট্রেন ও প্ল্যাটফর্মের সরু ফাঁক দিয়ে নিচের রেললাইনে পড়ে যায়।

নারীটি যখন কী করবেন ভেবে দিশেহারা, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন এক যুবক। প্রথমে তিনি হাত দিয়ে ওড়নাটি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু নাগাল না পেয়ে কোনো চিন্তা না করেই তিনি ট্রেনের নিচ দিয়ে রেললাইনে নেমে পড়েন। চোখের পলকে ওড়নাটি উদ্ধার করে নারীর হাতে তুলে দিয়েই কোনো প্রতিদান না চেয়ে ভিড়ের মাঝে হারিয়ে যান তিনি।

এই ঘটনায় অভিভূত হয়ে ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "আমি ভাবিনি কেউ আমাকে এভাবে সাহায্য করবে। যুবকটি আমার অনুমতির তোয়াক্কা না করেই লাইনে নেমে গেলেন। আমি সত্যিই বাকরুদ্ধ!" বলিউডি আমেজ যোগ করে তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "রাহুল (কুচ কুচ হোতা হ্যায় সিনেমাখ্যাত) ঠিক সময়েই চলে এসেছিল!"

 

শীর্ষনিউজ