ভারতের রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে থাকা স্লিপার বাসের ভেতরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। এ ঘটনায় বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই নারীকে জোর করে বাসে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী জানিয়েছেন যে দুই ব্যক্তি বাসের ভেতরে তাকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।
এদিকে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাস এসে দাঁড়ায়।
প্রতিবেদন অনুযায়ী, সময় জানতে বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান ওই নারী। এরপর তাকে জোর করে বাসের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, এরপর অভিযুক্তরা বাসটি নিয়ে নাংলোইয়ের দিকে যায়। সেখানেই ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশের তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকার নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। মেডিকেল পরীক্ষা শেষে এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।