সৌদি আরব ও রাশিয়ার মধ্যে সোমবার থেকে ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা কার্যকর হয়েছে। পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এটিকে।
এ সুবিধা সব ধরনের পাসপোর্টধারীর ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ পাসপোর্টধারীদের জন্য সৌদির সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশ হিসেবে যুক্ত হলো রাশিয়ার নাম।
এই ব্যবস্থার আওতায় সৌদি ও রুশ নাগরিকরা পর্যটন, ব্যবসা বা পরিবার ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অথবা এক বছরের মধ্যে একাধিক সময়ে এই সুবিধা প্রযোজ্য হবে।
তবে কাজ, পড়াশোনা, স্থায়ী বসবাস বা হজ-সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে বহাল থাকবে বিদ্যমান ভিসা নিয়মই।
এসপিএ জানিয়েছে, সৌদি-রুশ কূটনৈতিক সম্পর্কের ১০০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখে এই চুক্তি কার্যকর করা হয়েছে। এর ফলে পারস্পরিক সফর বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।