Image description

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার (৯ মে) দুপুরে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

নতুন সরকার গঠনকে ঘিরে জঁমকালো করে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল। বিশাল মঞ্চ, হাজারো দর্শকের বসার ব্যবস্থা এবং বহুমাত্রিক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এবারই প্রথমবারের মতো সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী। একসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বর্তমানে তিনি বিজেপির পরিষদীয় দলের নেতা।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি নেতাকর্মীরা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। নিরাপত্তার জন্য পুরো ব্রিগেড এলাকা ঘিরে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বিমানে কলকাতায় পৌঁছে সরাসরি অনুষ্ঠানস্থলে যোগ দেন।

শপথ শেষে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঐতিহাসিক রাইটার্স ভবনে যান। বিজেপি আগেই ঘোষণা দিয়েছে, নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম রাইটার্স ভবন থেকেই পরিচালিত হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান এবং নবনির্বাচিত ২০৭ বিধায়কের সমর্থনপত্র জমা দেন।

একই দিন বিজেপির পরিষদীয় বৈঠকে অমিত শাহ শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে শান্তি, উন্নয়ন ও ভয়মুক্ত পরিবেশ গড়তে চায়।”

শীর্ষনিউজ