দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার ২৪ ঘন্টার ব্যবধানে ৩০টি বিমান হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ সব হামলা চালাচ্ছে ইসরাইল। এতে চড়া মূল্য দিতে হচ্ছে বেসামরিক মানুষকে। জাতিসংঘ বলেছে, ইসরাইলি হামলায় বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছেই। দক্ষিণ লেবাননে মানবিক পরিস্থিতি ভয়াবহ। দখলদার ইসরাইল গ্রামগুলো থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে।
এতে ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। ইসরাইল তার সীমানা ছাড়িয়ে লেবাননের গ্রামগুলোর ভেতরে ঢুকে পড়েছে এবং দখলদারি চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি তারা লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে। এতো হামলা চালানোর পরও ইসরাইল যে লক্ষ্য অর্জন করতে চাইছে তাতে সফল হচ্ছে না। হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা পুরোপুরি থামাতে চায় ইসরাইল। তবে এতে তারা ব্যর্থ।
এদিকে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরাইলি সেনা আহত হয়েছে। আহতদের মাঝে একজনের অবস্থা গুরুতর। দক্ষিণ লেবাননে থাকা ইসরাইলি সেনাদের টার্গেট করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহকে পুরোপুরি দমন করার সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে ইসরাইলের।