যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তর করতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি যেন কেবল সাময়িক বিরতি না হয়ে যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটায় পাকিস্তান সেই লক্ষ্যে কাজ করছে।
বুধবার (৬ মে) ইসলামাবাদে আয়োজিত আলেমদের এক সমাবেশে এ মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুই পক্ষের মধ্যে আলোচনার ক্ষেত্রে পাকিস্তান একটি প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে, যাতে চিরশত্রু এই দুই দেশ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে।
একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও শান্তি প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনার বর্তমান যে গতি রয়েছে, তা বজায় থাকলে একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তান শুরু থেকেই একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে আসছে। দুই দেশের বিরোধ মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন ইসলামাবাদের প্রধান লক্ষ্য।
এদিকে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য একটি সংক্ষিপ্ত এবং কার্যকর সমঝোতা স্মারক সই করার দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। শান্তি আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটাতে দুপক্ষই এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে কাজ করছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্রটি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব শিগগির এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারব। লক্ষ্যমাত্রার একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা।’