Image description

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘ডাকাত বধূ’ নামে পরিচিত এক নারী, এক এক করে আট বিয়ে করে আট স্বামীর অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি তার। বীড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে নবম শিকার বানানোর পর তার কীর্তিকলাপ প্রকাশ্যে আসে।

 

মঙ্গলবার (৫ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে নবম ব্যক্তিকে বিয়ের ফাঁদে ফেলে এবং বিয়ের নাম করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তবে, বিয়ের কিছুদিন পরই কনের আচরণ নিয়ে সন্দেহ দেখা দেয়।

পরে অনুসন্ধানে জানা যায়, এর আগেও আটজন ভিন্ন ব্যক্তির সঙ্গে একই কৌশলে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন ওই নারী। জানা যায়, নারী ও তার সহযোগীরা ঘটকের মাধ্যমে পুরুষদের খুঁজে বের করত, তাদের বিয়ে করত এবং অনুষ্ঠানের পরপরই নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যেত।

প্রতারণার বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হলে ভুক্তভোগী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ জানান। এরপর পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। বর্তমানে চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।