Image description

আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী মানবিক সহায়তা মিশন 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ওপর ড্রোন ও মারণাস্ত্র নিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাঝ-ভূমধ্যসাগরে এই রেইড পরিচালনা করা হয়। এতে ১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অন্তত ৭টি নৌযান ইসরায়েল কবজা করেছে বলে খবর পাওয়া গেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক স্পিডবোটগুলো তাদের নৌযানগুলো ঘিরে ফেলে। সেনাসদস্যরা আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও লেজার তাক করে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়। বহরের বেসামরিক সদস্যদের নৌকার সামনের অংশে গিয়ে হাত ও হাঁটু গেড়ে বসে থাকার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানায়, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের ঘিরে ফেলে অপহরণ ও সহিংসতার হুমকি দিচ্ছে।

ইসরায়েল আর্মি রেডিওর তথ্যমতে, গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকেই তারা নৌযানগুলো নিয়ন্ত্রণে নেওয়া শুরু করেছে। ইসরায়েলি সূত্র বলছে, মোট ৫৮টি নৌযানের মধ্যে ৭টি ইতিমধ্যে তাদের দখলে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে সফল অভিযান দাবি করে অংশগ্রহণকারীদের 'বিভ্রান্ত ও প্রচারলোভী উস্কানিদাতা' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের এলাকায় আসার আগেই তাদের থামানো হয়েছে।

ফ্লোটিলার মুখপাত্র গুর সাবর টরন্টো থেকে আল জাজিরাকে বলেন, ‘এটি আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌকার ওপর সরাসরি হামলা। ইসরায়েল থেকে শত শত মাইল দূরে এই ঘটনা ঘটছে যেখানে তাদের কোনো এক্তিয়ার নেই। এটি মূলত মাঝসমুদ্রে রাষ্ট্রীয় অপহরণ ও অবৈধ আটক।’ তিনি এই মুহূর্তে নীরব থাকাকে 'অপরাধের ভাগীদার' হওয়া বলে উল্লেখ করে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। বহরে থাকা ৪০০ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

নৌযানে থাকা লেখক ও অধিকারকর্মী তারিক রউফ জানান, বিশাল যুদ্ধজাহাজ থেকে কমান্ডোরা ছোট নৌকায় করে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ড্রোন দিয়ে ফ্লাশ লাইট জ্বালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী রেডিও চ্যানেলে গান বাজিয়ে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন (জ্যাম) করে দিচ্ছে, যা এক ধরনের 'মনস্তাত্ত্বিক যুদ্ধ'। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গাজা থেকে অনেক দূরে আন্তর্জাতিক জলসীমায় আছি, ইসরায়েলের এই পদক্ষেপ নজিরবিহীন।’

আল জাজিরার প্রতিনিধি জ্যাক বার্টন জানিয়েছেন, গাজা থেকে প্রায় ১,১১১ কিলোমিটার (৬০০ নটিক্যাল মাইল) দূরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সর্বোচ্চ ১৩৩ কিমি দূরে ইসরায়েল বাধা দিলেও এবার এত দূরে হামলা করার মূল কারণ ছিল ফ্লোটিলাকে 'চমকে দেওয়া'। 

গত রবিবার ইতালি থেকে ৫০টির বেশি নৌযান নিয়ে এই বহরটি যাত্রা শুরু করেছিল। গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ৭২ হাজার ৫৯৯ জন নিহত এবং ১৭২,৪১১ জন আহত হয়েছেন। গত বছর অক্টোবরেও ৪০টি নৌযানসহ নেলসন ম্যান্ডেলার নাতি, জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানসহ ৪৫০ জনকে গ্রেপ্তার করেছিল ইসরায়েল। সে সময় আটকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এবং পরে তাদের বহিষ্কার করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা