Image description

ইরানের দক্ষিণ শহর কেরমানের আজাদি স্কয়ারে একটি জনসভায় গুলি চালানোর ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রবিবার (২৬ এপ্রিল)  ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানের আজাদি স্কয়ারে জনসমাবেশের ওপর একাধিক গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস, কেরমান প্রদেশের আইন প্রয়োগকারী ইউনিট এবং প্রাদেশিক বিচার বিভাগের সহযোগিতায় ধারাবাহিক গোয়েন্দা ও পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সমাবেশে গুলি চালানো প্রধান আসামি ও এক নারীসহ তিন সহযোগীকে সফলভাবে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে বলে যোগ করা হয় বিবৃতিতে। 

 

সংস্থাটি জানিয়েছে, মার্কিন-ইসরায়েল আগ্রাসনের নিন্দা জানিয়ে আয়োজিত সমাবেশে ওই ব্যক্তিরা গুলি চালায়। এতে দুজন পুরুষ ও এক কিশোরী আহত হয়।

আটককৃতরা ইহুদিবাদী দেশ ইসরায়েলের দ্বারা পরিচালিত একটি রাজতন্ত্র-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

 

সন্ত্রাসী গোষ্ঠীটির আস্তানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক এবং বিস্ফোরক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়।