Image description

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়া নিয়ে এখনো ভাবেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানে যারা কার্যত ক্ষমতায় আছে, তাদের সঙ্গেই আমি চুক্তি করতে প্রস্তুত।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প বলেন, ইরানে নিজেদের মধ্যেই লড়াই চলছে, ভেতরে তীব্র দ্বন্দ্ব। অনেক ক্ষেত্রেই নেতৃত্বের লড়াই হচ্ছে। আবার আমার মনে হয়, তারা নেতৃত্ব নিতে না চেয়েও লড়ছেন। কারণ আমরা তাদের নেতৃত্বের দুই স্তরকে সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, যখন তারা চাইবে, আমাকে ফোন করতে পারে। সব কার্ড আমাদের হাতে, আমরা সবকিছু জিতেছি।

তিনি আরও বলেন, তারা আমাদের একটি প্রস্তাব দিয়েছিল, যা আরও ভালো হওয়া উচিত ছিল। মজার ব্যাপার হলো, আমি সফর বাতিল করার ১০ মিনিটের মধ্যেই নতুন একটি প্রস্তাব পাই। আমরা আলোচনা করেছি, তারা পারমাণবিক অস্ত্র পাবে না—খুবই সহজ বিষয়। তারা অনেক কিছু প্রস্তাব করেছে, কিন্তু যথেষ্ট নয়।

এর আগে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, সফর বাতিলের অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ভ্রমণে খুব বেশি সময় নষ্ট হচ্ছিল, কাজও অনেক বেশি!’