যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা প্রস্তাবের ওপর আবারও ভোট আয়োজন করতে চান ডেমোক্র্যাটরা। এ নিয়ে পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে এ বিষয়ে ভোট হতে পারে বলে জানিয়েছেন দলটির সিনেট নেতা চাক শুমার।
শুমার বলেন, “এই প্রস্তাবের উদ্দেশ্য হলো বিশেষ করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমানো এবং কংগ্রেসের ভূমিকা নিশ্চিত করা।”
চাক শুমার রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে বলেন, “আমাদের সেনারা যখন সম্মুখযুদ্ধ জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানদের নীরব থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করব—অথবা এই যুদ্ধ বন্ধে যথেষ্ট সাহসী রিপাবলিকানদের সমর্থন আদায় করব।”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও বাস্তবে সামরিক অভিযানের অনেক সিদ্ধান্ত প্রেসিডেন্টের নির্দেশেই নেয়া হয়। এ কারণে দীর্ঘদিন ধরেই যুদ্ধক্ষমতা আইন আরও শক্তিশালী করার দাবি জানিয়ে আসছে ডেমোক্র্যাটরা।
সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই রিপাবলিকানদের অল্প সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাটদের এসব উদ্যোগ বারবার আটকে যাচ্ছে। তবুও তারা কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান সীমিত করতে চাপ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে রিপাবলিকানদের অবস্থান এখনো স্পষ্টভাবে পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা