ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মাঝে তেহরানের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সম্প্রতি সরকারের প্রতি সমর্থন জানাতে এই বিশাল সমাবেশের আয়োজন করেছে সাধারণ ইরানিরা। জনসমাবেশে আমেরিকার প্রতি তাদের চরম অবিশ্বাসের কথা জানিয়েছেন। তাদের দাবি, ওয়াশিংটন কখনোই তার প্রতিশ্রুতি রক্ষা করে না, তাই তাদের সঙ্গে কোনো আপস করা চলবে না।
রয়টার্সের সাথে আলাপকালে মাসুমে আলিমোহাম্মাদি নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমেরিকা আজ পর্যন্ত আমাদের সঙ্গে করা একটি চুক্তিও মানেনি। তাই কূটনৈতিক আলোচনা চললেও আমাদের মনে রাখতে হবে, এই দেশকে বিশ্বাস করা যায় না।’ সমাবেশের সাধারণ মানুষের মধ্যে সার্বিকভাবে যে মনোভাব দেখা গেছে তা হলো, যুক্তরাষ্ট্র কেবল নিজেদের স্বার্থ বোঝে এবং বারবার চুক্তি ভঙ্গ করে।
সমাবেশে আসা হামিদরেজা হিদারি স্পষ্ট ভাষায় জানান, ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। তিনি বলেন, ‘যদি আমাদের ওপর বারবার হামলা চালানো হয়, তবুও আমরা দমে যাব না। বরং আরও শক্তিশালী হয়ে রুখে দাঁড়াব।’
তার মতে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমেরিকা ও ইসরায়েলকে সামনে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
বিক্ষোভকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তীব্র ক্ষোভ দেখা গেছে। নেগিন ঘোলিজাদে নামের এক নারী বলেন, ‘ট্রাম্পকে উপযুক্ত শিক্ষা দিলেই কেবল শান্তির আসা সম্ভব।’
গত দুই সপ্তাহ আগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে রাতে ট্রাম্প আমাদের ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই রাতেই তিনি আমাদের সব দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তাকে এভাবেই চাপে রাখতে হবে।’
সূত্র: আলজাজিরা