Image description

তেহরান ও ওয়াশিংটনের মন্তব্য-পাল্টা মন্তব্যের ঝড়। তবুও দ্বিতীয় দফা বৈঠকের আশা ধরে রেখেছে পাকিস্তান। এ বৈঠক ঘিরে ইসলামাবাদে সাজ সাজ রব। আগামী শুক্রবারের আগেই হতে পারে এই বৈঠক। এমনটাই নিশ্চিত করলেন উচ্চপদস্থ দুই পাকিস্তানি কর্মকর্তা। 

বৈঠক সামনে রেখে খালি করা হচ্ছে ইসলামাবাদের বিলাসবহুল  সেরেনা ও ম্যারিয়ট হোটেল। কক্ষ ছাড়তে বলা হয়েছে সব অতিথিকেই। নেওয়া হচ্ছে না কোনো বুকিং। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে নেমেছিল যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান। এ সময় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর থেকে ইসলামাবাদ পর্যন্ত রাস্তা। মোতায়েন করা হয় অন্তত ২০ হাজার সৈন্য।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, ইতোমধ্যে সীমিত হয়েছে ভারী যানবাহন ও গণপরিবহনে চলাচল। সবকিছু মিলিয়ে এটা স্পষ্ট, বৈঠকটি হচ্ছে শিগগিরই। 

এর আগে, সেরেনা হোটেলে হয়েছিল তেহরান ও ওয়াশিংটনের প্রথম দফার আলোচনা। তখন প্রায় ২১ ঘণ্টা ধরে চলেছিল বৈঠকটি। কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই দেশ সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা।