Image description

ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননে ব্যাপক আকারে আগ্রাসন চালায় ইসরাইল। তবে ইরানের সঙ্গে তাল রেখে পাল্টা হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৪ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরো ৬৫০ জনেরও বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পরই লেবননকে হামলার লক্ষবস্তু করে ইসরাইল। লেবাননে ইসরাইলে ব্যাপক আগ্রাসনে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বর্তমানে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চল লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

যুদ্ধবিরতি শুরুর আগে লেবানন কর্তৃপক্ষের পরিচালিত এক প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৪০ হাজার বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই দক্ষিণ লেবাননের জেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ঘরমুখো মানুষ ফিরে এসে তাদের বসতবাড়ির এই ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছেন।