Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে কড়া বার্তা দিয়ে বলেছেন,'এনাফ ইজ এনাফ', অর্থাৎ ব্যস,আর নয়। তিনি স্পষ্ট করে জানান, লেবাননকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো যাবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাতে পারবে না। তিনি বলেন, চলমান ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

একই সঙ্গে ইরান ইস্যুতে চলমান আলোচনায় অর্থ লেনদেনের সম্ভাবনাও নাকচ করে দেন ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, 'কোনো ধরনের অর্থ লেনদেন হবে না।' এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধের বিনিময়ে দেশটির জব্দকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।

ট্রাম্প আরও জানান, লেবানন ইস্যু এই চুক্তির অংশ নয়। তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে এবং হিজবুল্লাহ সংক্রান্ত পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে তার দেশ ১০ দিনের যুদ্ধবিরতি মেনে নিলেও তাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত।'

তবে ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু বলেন, 'সত্যি কথা বলতে, আমরা এখনো কাজ শেষ করিনি। অবশিষ্ট রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, যা এখন বিস্তারিত বলতে চাই না।'


শীর্ষনিউজ