Image description

 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার পক্ষ থেকে করা অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা অনুরোধটি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের সব ধরনের ঘটনার ওপর নিবিড় নজর রাখছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে।”

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। একই সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য দুই দেশ নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, সীমান্ত পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনায় আসতে পারে।

শীর্ষনিউজ