Image description

মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০ ক্ষেপণাস্ত্র। তা উড়ে গিয়ে লেবাননে ব্যাপক ধ্বংসলীলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরাইল লেবাননে এমন হামলা চালায়। এর জবাবে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করে। এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়। কিন্তু এর মধ্যেই ইসরাইলি সামরিক বাহিনী মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননে ১০০টিরও বেশি বিমান হামলা চালায়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি এক্সে লিখেছেন, ইসরাইল প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে ইরান অবিলম্বে প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক দেশগুলোর ওপর সব হামলা বন্ধ করবে। এই শর্তে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা হবে।

 

তবে অন্য একটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে জানিয়েছে যে- তারা আসন্ন আলোচনায় এই লক্ষ্যগুলো অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, যা যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইসরাইলের আঞ্চলিক মিত্রদের অভিন্ন লক্ষ্য। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরাইল লেবাননে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে ১১২ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। যা ইরানের তীব্র প্রতিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে অবিলম্বে, দ্রুত এবং নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। কারণ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করার খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, এই প্রণালি বন্ধ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন,

আমি আবারও প্রেসিডেন্টের প্রত্যাশা ও দাবি পুনর্ব্যক্ত করছি। হরমুজ প্রণালি অবিলম্বে, দ্রুত এবং নিরাপদভাবে খুলে দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার ডনাল্ড ট্রাম্প লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, হিজবুল্লাহ সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই চুক্তির ফলে পশ্চিম এশিয়ায় দুই সপ্তাহের জন্য সংঘাত থেমে যায়। পিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, যুদ্ধবিরতির পরও কেন লেবাননে হামলা চলছে? এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, তারা (হিজবুল্লাহ) এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। লেবাননে ইসরাইলি সামরিক অভিযান কেন চুক্তির বাইরে রাখা হয়েছে? এ প্রশ্নে তিনি বলেন, হিজবুল্লাহর কারণেই। তারা চুক্তির অংশ নয়। এটাও সামলানো হবে। সমস্যা নেই। লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রাখা নিয়ে তিনি স্বচ্ছন্দ কি না? জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, এটা চুক্তিরই অংশ- সবাই তা জানে। এটা আলাদা একটি সংঘর্ষ।