Image description

‘অস্থায়ী যুদ্ধবিরতির’ বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন একজন সিনিয়র ইরানি কর্মকর্তা। তিনি আরও বলেন, তেহরান মনে করে যে ওয়াশিংটন একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং এটি পর্যালোচনা করছে। তবে তিনি যোগ করেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিতে বা কোনো সিদ্ধান্ত নিতে চাপ প্রয়োগ করাকে গ্রহণ করে না।

ইরানের সর্বোচ্চ নেতার একজন সিনিয়র উপদেষ্টা বৈশ্বিক জ্বালানি রুট নিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা আরও বাড়ায়, তবে হরমুজ প্রণালির বাইরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

এদিকে মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, এই দুটি দেশের যেকোনো একটির সামান্য ভুল পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির মতে, তিনি বলেছেন যে ‘প্রতিরোধ বাহিনীর সমন্বিত কমান্ড’ বাব আল-মান্দেব প্রণালীকে ‘হরমুজ প্রণালির মতোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে মনে করে।

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ট্রাম্পের ‘সর্বনাশা পরিস্থিতি সৃষ্টির’ হুমকির পরই বেলায়েতির এই মন্তব্য এলো। বেলায়েতি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ইতিহাস থেকে কিছু শিক্ষা নিলেও, তারা ‘এখনও ক্ষমতার ভূগোল বুঝতে পারেনি’।

ইয়েমেন উপকূলের কাছে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং এটি সুয়েজ খালের দিকে যাওয়া জাহাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে কাজ করে। তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা এর আগেও হুঁশিয়ারি দিয়েছিল যে, তারা ইরানের প্রতি সংহতি জানিয়ে এই জলপথে হামলা চালাতে প্রস্তুত। গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা যুদ্ধের সময় লোহিত সাগরে এই গোষ্ঠীর হামলা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছিল।

সূত্র : আল জাজিরা