ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসফাহানের কাছে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। তারা ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বলে বর্ণনা করেছে। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক জনসংযোগ কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করা হয়। এ নিয়ে ইরান মোট ১৪৬টি ড্রোন ভূপাতিত করল।
এমকিউ-৯ রিপার মডেলের এই ড্রোনগুলো মূলত গোয়েন্দা নজরদারি ও হামলা চালানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং প্রতিটি ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর তাদের সহায়তাকর্মীরা তেহরান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর যানজানে উদ্ধার অভিযান শুরু করেছে।
সামাজিক মাধ্যম এক্সে (X) দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, সহায়তাকর্মীরা তেহরান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছে। এছাড়া, যানজানের হোসাইনিয়া আজমেও উদ্ধারকারী দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তেহরান থেকে পাওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনের সম্মুখভাগ ধ্বংস হয়ে গেছে এবং একটি বুলডোজার নিকটবর্তী রাস্তা থেকে ধ্বংসস্তূপের স্তূপ পরিষ্কার করছে।
সূত্র : আল জাজিরা