যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ করেছেন। তেহরানের উদ্যোগে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।
সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে’—ঘোষণা দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লাভরভ অবিলম্বে যুদ্ধবিরতি এবং এমন একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন, যা সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ স্বার্থ বিবেচনায় নেবে, বিশেষ করে ইরানের স্বার্থ।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।
তবে এ খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সাড়া দেয়নি।
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।
এছাড়া ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে, যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। এই হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।
সপ্তাহান্তে ইরানকে ৪৮ আলটিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।