Image description

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বিশ্ব অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে তিনি বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের সংকট এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।

ফাতিহ বিরল বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, এই সংকটটি আসলে দুটি তেল সংকট এবং একটি গ্যাস বিপর্যয়ের সম্মিলিত এক রূপ।” তিনি সতর্ক করে বলেন, “বিশ্ব অর্থনীতি আজ এক বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে আছে। আমি খুব করে চাইছি যেন এই সমস্যার সমাধান দ্রুততম সময়ে হয়... পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তবে কোনো দেশই এই সংকটের প্রভাব থেকে রেহাই পাবে না। তাই এখন প্রয়োজন সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা।”

বিরল আরও জানান, চলমান সংঘাতে এই অঞ্চলের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা “মারাত্মক বা চরমভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। তিনি বলেন, আইইএ এশিয়া ও ইউরোপের সরকারগুলোর সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের মজুদ থেকে আরও তেল বাজারে ছাড়া যায়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় আইইএ-এর সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে রেকর্ড ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেল ছাড়ার বিষয়ে একমত হয়েছিল। ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিরল বলেন, “যদি প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই আবারও তা করব। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, বাজার বিশ্লেষণ ও মূল্যায়ন করব এবং আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”

 

সূত্র : আল জাজিরা