Image description

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ দ্রুত বাড়ছে। সারাক্ষণ ক্ষেপণাস্ত্র হামলার ভয় এবং সাইরেনের শব্দে সতর্ক অবস্থায় থাকতে হওয়ায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন।

 

দেশটির মানসিক স্বাস্থ্য সহায়তা হটলাইনগুলোতে কলের সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষ মানসিক সহায়তার জন্য ফোন করছেন। খবর টাইমস অব ইসরায়েলের

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় এবং তার পরপরই আশ্রয়কেন্দ্রে থাকা নাগরিকদের কাছ থেকে চার হাজার সাতশরও বেশি কল আসে। এসব কলের বেশিরভাগই ছিল ভয়, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা নিয়ে।

 

দেশটির সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্য হটলাইন জরুরি ভিত্তিতে সেবা দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েল ট্রমা অ্যান্ড রেসিলিয়েন্সি সেন্টারও তাদের কার্যক্রম বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইরানি হামলার পর তাদের হটলাইন জরুরি পরিষেবায় রূপান্তর করা হয়েছে এবং এখন প্রতি সপ্তাহে তিন হাজারের বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে, যা যুদ্ধের আগের সময়ের তুলনায় অনেক বেশি।

 

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪ লাখ ৩৫ হাজার মানুষ তীব্র উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যার জন্য সরকারি মানসিক স্বাস্থ্য সেবা নিয়েছেন।

 

বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন।