মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিলে তা সরাসরি আগ্রাসনে অংশ নেওয়ার শামিল হবে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দেন। পরে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
আরাঘচি অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে যুদ্ধ শুরু করেছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের একটি স্কুলে বোমা হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। ওই হামলায় বহু মানুষ নিহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র : দ্য গার্ডিয়ান