গণহত্যার দায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজে) ইসরাইলের বিচার হচ্ছে। এখানে দখলদার উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটির প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা কর্তৃক। গণহত্যার অভিযোগ মোকাবিলায় ইসরাইলকে সমর্থন করে আসছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ। তবে তা আর অব্যাহত রাখছে না জার্মানি।
গণহত্যার অভিযোগ থেকে রেহাই পেতে তেল আবিবকে সহায়তা করার পরিকল্পনা আর করছে না বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে কোনো হস্তক্ষেপ করা হবে না।’
জিউশ নিউজ সার্ভিস খবরটি প্রকাশ করেছে।
হিন্টারসেহার আরও জানান, বার্লিনের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন জার্মানি নিজেই আইসিজেতে নিকারাগুয়ার আনা একটি আলাদা মামলার মোকাবিলা করছে। নিকারাগুয়া অভিযোগ করেছে যে, জার্মানি ইসরাইলের গণহত্যায় সহায়তা করেছে।
তিনি বলেন, ‘আমরা এখন নিকারাগুয়ার শুরু করা আইসিজের একটি প্রক্রিয়ার অংশ এবং আমরা এই প্রক্রিয়ার ওপরই মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
সূত্র: আলজাজিরা।