Image description

ইরানের উপকূলীয় অঞ্চলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫ হাজার পাউন্ড ওজনের ‘ডিপ পেনিট্রেটর’ বা বাঙ্কার বাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে জানায়, উপকূলের সুরক্ষিত ঘাঁটিগুলোতে একাধিক বাঙ্কার বাস্টার সফলভাবে ব্যবহার করা হয়েছে। ওই ঘাঁটিগুলোতে থাকা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের অবরোধের কারণে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এবং তেলের দাম বেড়ে যায়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন এই সামরিক পদক্ষেপ নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর মিত্র দেশগুলোকে সহায়তার আহ্বান জানালেও অধিকাংশ দেশ তা প্রত্যাখ্যান করেছে। এতে ট্রাম্পের অসন্তোষ প্রকাশ পায়। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সবার স্বার্থে জরুরি।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে উৎসাহিত করে আসছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত মূল্যায়নের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।

৫ হাজার পাউন্ডের এই বোমাগুলো মূলত মাটির গভীর বা পাহাড়ের ভিতরে থাকা শক্তিশালী স্থাপনা ধ্বংস করতে সক্ষম। প্রতিটি বোমার আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার মার্কিন ডলার|

ঢাকাটাইমস