Image description

তুরস্কের শীর্ষ ড্রোন প্রস্তুতকারক কোম্পানি বাইকার স্বয়ংক্রিয় আত্মঘাতী বা কামিকাজে ড্রোন ‘কে-২’ উন্মোচন করেছে। ২০০০ কিলোমিটার রেঞ্জের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ড্রোনটি যুদ্ধের ময়দানে লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং নির্ভুল হামলায় এক নতুন বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ মার্চ) প্রকাশিত একটি প্রমোশনাল ভিডিওতে দেখা যায়, দিমিত্রি শোস্তাকোভিচের ক্লাসিক্যাল সুরের মূর্ছনায় কে-২ ড্রোনটি দলবদ্ধভাবে আকাশে ওড়াসহ বিভিন্ন জটিল মহড়া দিচ্ছে। 

বাইকার জানিয়েছে, এই ড্রোনটি কেবল নেভিগেশন নয়, বরং লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলার চূড়ান্ত পর্যায়েও এআই ভিশন প্রযুক্তি ব্যবহার করবে।

এই ড্রোনের প্রধান কারিগরি সক্ষমতা হচ্ছে এটি ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে বিরতিহীনভাবে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি ড্রোনটি ২০০ কেজির বড় আকারের ওয়ারহেডও বহন করতে পারবে। ৮০০ কেজি ওজনের এই ড্রোনের উড়ার জন্য লাগবে না কোন অত্যাধুনিক লম্বা রানওয়ে কেননা এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ছোট বা এবড়োথোবড়ো রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে।

তুরস্কের আধুনিক প্রজন্মের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার ইতঃপূর্বেই তাদের বাইরাকতার টিবি-২ এবং আকিঞ্জি ড্রোনের মাধ্যমে বিশ্বজুড়ে সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। নতুন এই কে-২ মডেলটি তুরস্কের সামরিক সরঞ্জাম রপ্তানি এবং প্রতিরক্ষা সক্ষমতাকে আরও কয়েক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই ধরনের দূরপাল্লার কামিকাজে ড্রোনের উন্মোচন ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।