রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয়দের মনোবল ভাঙতে এবং এই যুদ্ধে জয়ী হতে ব্যর্থ হয়েছেন ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কিয়েভ থেকে দেওয়া ১৮ মিনিটের এক আবেগপূর্ণ ভিডিও বার্তায় তিনি ইউক্রেনীয়দের অদম্য সাহসের প্রশংসা করেন। খবর আলজাজিরার।
এই দিনটিতে জেলেনস্কি তার সেই বিখ্যাত বাঙ্কারে বসে স্মৃতিচারণ করেন, যেখান থেকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তিনি বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভাষণে তিনি বলেন, ‘পুতিন তাঁর লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ইউক্রেনীয়দের ভেঙে দিতে পারেননি। তিনি এই যুদ্ধে জয়ী হননি। আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করেছি।’
এই দিনটিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভে উপস্থিত হন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনসহ ইউরোপের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়া ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরোর একটি বড় ঋণ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইইউ।
এদিকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে তিনি নিজে এসে যুদ্ধের ভয়াবহতা দেখতে পারেন। জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা সম্পর্কে জেলেনস্কি বলেন, ইউক্রেন সম্মানজনক শান্তি চায়, তবে দেশের ভূমি ছেড়ে দিয়ে কোনো ‘বিশ্বাসঘাতকতা’ করা হবে না।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে দাবি করেছেন, ইউক্রেন ও তার মিত্ররা মস্কোকে পরাজিত করার প্রচেষ্টায় নিজেদের ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। এর জন্য তারা পরে অনুতপ্ত হবে।

বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ ভূখণ্ড রয়েছে। গত এক বছরে রাশিয়ার অগ্রগতির হার ছিল মাত্র শূন্য দশমিক ৭৯ শতাংশ, যা এই যুদ্ধকে একটি রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী সংঘাতে রূপান্তর করেছে। বিশ্লেষকদের মতে, বসন্ত নাগাদ উভয় পক্ষের হতাহতের সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে।