বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে গবেষণা প্রয়োজন। উচ্চতর ডিগ্রি অর্জনেও জমা দিতে হয় থিসিস। কিন্তু সেই গবেষণাপত্র কিংবা থিসিস এখন টাকার বিনিময়ে লিখিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। অনলাইনে প্রকাশ্যে চলছে এমন সেবার বিজ্ঞাপন।
গবেষণা প্রস্তাব থেকে পূর্ণাঙ্গ থিসিস, এমনকি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উপযোগী গবেষণাপত্র তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে এসব অনৈতিক কার্যক্রম ঠেকাতে কার্যকর তদারকির ঘাটতি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
একদিকে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ, আধুনিক পরীক্ষাগার ও সুযোগ-সুবিধার সংকট। অন্যদিকে গবেষণার সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা। এ দুইয়ের মধ্যে পড়ে দেশের উচ্চশিক্ষায় গবেষণার মান নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ রয়েছে, অনেক গবেষণা করা হচ্ছে শুধু শিক্ষকদের পদোন্নতি কিংবা ব্যক্তিগত অর্জনের জন্য। সেগুলোর বড় অংশের ফল সাধারণ মানুষের জীবনযাত্রা, শিল্প কিংবা অর্থনীতিতে কাজে আসছে না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যেও গবেষণায় অর্থায়নের সীমাবদ্ধতা উঠে এসেছে। তবে শুধু বরাদ্দ বাড়ানো নয়, অর্থের যথাযথ ব্যবহার, গবেষণার মান নিশ্চিত এবং অনিয়ম ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষাবিদরা।
অনলাইনে গবেষণাপত্র কেনাবেচার হাট
একটা সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় টাকার বিনিময়ে অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার ও থিসিস লিখে দেওয়ার অভিযোগ বেশি শোনা যেত। এখন সেই ব্যবসা ছড়িয়েছে অনলাইনে। বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে একাডেমিক লেখা তৈরির বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
‘বিডি রিসার্চ পেপার’ নামের একটি ওয়েবসাইটে গবেষণাপত্র, থিসিস, টার্ম পেপার, গবেষণা প্রস্তাব, রিভিউ পেপার এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) তৈরির সেবার প্রলোভন দেখানো হচ্ছে।
বিজ্ঞাপনে বলা হচ্ছে, সেখানে অভিজ্ঞ লেখকদের মাধ্যমে নির্ধারিত সময়ে মৌলিক ও চৌর্যবৃত্তিমুক্ত লেখা সরবরাহের দাবি করা হয়েছে। যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে। পাশাপাশি ২৪ ঘণ্টা সহায়তা ও বিনামূল্যে সংশোধনের সুবিধার কথা বলা হয়েছে। তবে এসব বিজ্ঞাপন থেকে কতজন শিক্ষক বা শিক্ষার্থী গবেষণাপত্র কিনছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান জাগো নিউজকে বলেন, ‘গবেষণা সহায়তার নামে অন্যের হয়ে গবেষণাপত্র লিখে দেওয়া এবং সেটি নিজের নামে জমা দেওয়ার সুযোগ তৈরি হলে উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইউজিসিকে কঠোরভাবে তদারকি করতে হবে।’
গবেষণায় বরাদ্দ বাড়লেও চাহিদার তুলনায় কম
দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষকের সংখ্যা বেড়েছে। সেই তুলনায় গবেষণার সুযোগ ও অর্থায়ন কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইউজিসির তথ্যমতে, ১৯৯৪-৯৫ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় প্রায় ১ হাজার ৫০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত ও শিক্ষক গবেষণায় ১ হাজার কোটি ৭৭ লাখ টাকা, বিশেষ ও পিএইচডি গবেষণায় প্রায় ২০১ কোটি এবং অন্যান্য গবেষণায় ২৯৯ কোটি ৫৮ লাখ টাকার বরাদ্দ রয়েছে।
২০০১-০২ অর্থবছরে নিয়মিত গবেষণায় বরাদ্দ ছিল মাত্র ১ কোটি ৭৪ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে হয় ৭ কোটি ৭ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে মোট গবেষণা বরাদ্দ দাঁড়ায় ৬৪ কোটি ৫৮ লাখ টাকা। এরপর ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ হয় ১৪৪ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রাক্কলিত বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি টাকা।
অর্থাৎ, গত কয়েক দশকে গবেষণার বরাদ্দ বেড়েছে। কিন্তু একই সময়ে উচ্চশিক্ষার পরিধিও বহুগুণ সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ৬১টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি। শিক্ষক রয়েছেন ৩৪ হাজারের বেশি।
২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় কোনো অর্থ ব্যয় করেনি। ২৪টি বিশ্ববিদ্যালয় ব্যয় করেছে এক থেকে পাঁচ লাখ টাকা। আটটি প্রতিষ্ঠান ব্যয় করেছে পাঁচ থেকে দশ লাখ টাকা। বিপরীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যয় ছিল ৬৪ কোটি টাকার বেশি। - ইউজিসির বার্ষিক প্রতিবেদন
প্রতিবেদনে ব্যবহৃত আন্তর্জাতিক উন্নয়ন-সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ গবেষণায় ব্যয় হয়। ভারতের ক্ষেত্রে এই হার শূন্য দশমিক ৮৪ এবং চীনে ২ দশমিক ৬৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
২০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ব্যয় শূন্য
ইউজিসির ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় কোনো অর্থ ব্যয় করেনি। ২৪টি বিশ্ববিদ্যালয় ব্যয় করেছে এক থেকে পাঁচ লাখ টাকা। আটটি প্রতিষ্ঠান ব্যয় করেছে পাঁচ থেকে দশ লাখ টাকা। বিপরীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যয় ছিল ৬৪ কোটি টাকার বেশি।
দেশে গবেষণা হচ্ছে না, এমন নয়। সরকারি-বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়েই গবেষণা চলছে। তবে অধিকাংশ গবেষণা মানুষের জীবনঘনিষ্ঠ হচ্ছে না, এটা সত্য। ইউজিসির রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুক
বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ প্রোগ্রাম, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণার সঙ্গে যুক্ত। এসব কার্যক্রমে বিদেশি দাতা সংস্থার অর্থায়ন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউজিসির রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, দেশে গবেষণা হচ্ছে না, এমন নয়। সরকারি-বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়েই গবেষণা চলছে। তবে অধিকাংশ গবেষণা মানুষের জীবনঘনিষ্ঠ হচ্ছে না, এটা সত্য।
তিনি বলেন, এবার গবেষণা বরাদ্দের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের আগের তিন বছরের বরাদ্দ ও গবেষণার ধরন বিবেচনা করা হচ্ছে। আশা করা যায়, আগামীতে এ অবস্থা থেকে উত্তরণ ঘটবে।
গবেষণাপত্র বাড়ছে, প্রশ্ন উঠছে মান নিয়ে
আন্তর্জাতিক গবেষণা তথ্যভান্ডার স্কোপাসের তথ্য অনুযায়ী- বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে প্রকাশনা বেড়েছে ২১ শতাংশ। তবে প্রকাশনার সংখ্যা বাড়লেই গবেষণার মান বাড়ছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, অনেক ক্ষেত্রে গবেষণাপত্র প্রকাশই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের পদোন্নতি ও ইনক্রিমেন্টের শর্ত পূরণে গবেষণা করার প্রবণতাও রয়েছে। ফলে গবেষণার বিষয়, পদ্ধতি ও বাস্তব প্রয়োগের চেয়ে প্রকাশনার সংখ্যা বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি গবেষণায় চৌর্যবৃত্তি, তথ্যের অসংগতি ও মানহীন প্রকাশনা নিয়েও উদ্বেগ বাড়ছে।
ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশি গবেষকদের অন্তত ৩২৫টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে। এর কারণ হিসেবে ভুয়া বিশেষজ্ঞ মূল্যায়ন, তথ্যের অসংগতি ও চৌর্যবৃত্তির অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এ তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ভালো গবেষণাও হচ্ছে, সুফল মিলছে কোথায়?
গবেষণার সীমাবদ্ধতার মধ্যেও কিছু ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত পাঁচ বছরে গবেষণায় ২৫ কোটি টাকা ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। এ অর্থে ১ হাজার ১০০টি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। মোট অর্থের মধ্যে ১০ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে ইউজিসি। বাকি অর্থ এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিদেশি দাতা সংস্থা থেকে।
বিশ্ববিদ্যালয়টির রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান জাগো নিউজকে বলেন, সম্প্রতি কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে সবজি ও পানিতে কীটনাশক শনাক্তের সহজ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের প্রত্যাশা, এ পদ্ধতি ব্যবহার করে পরীক্ষার খরচ ছয় হাজার টাকা থেকে ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদের মতে, কৃষি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য গবেষণা সাফল্য রয়েছে। উন্নত ধানের জাত উদ্ভাবন ও পাটের বহুমুখী ব্যবহারে অগ্রগতি হয়েছে। তবে শিল্পপ্রযুক্তি ও উৎপাদন খাতে এমন গবেষণা আরও বাড়ানো প্রয়োজন।
৪০০০ কোটির হিট প্রকল্প নিয়ে প্রশ্ন
উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে ২০২৩ সাল থেকে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি। বিশ্বব্যাংকের ঋণসহায়তায় পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় প্রায় চার হাজার কোটি টাকা।
ইউজিসির দাবি, প্রকল্পটির মাধ্যমে গবেষণার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। তবে অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্পের কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিশ্বব্যাংক ও শিক্ষা মন্ত্রণালয়ের অসন্তোষের কথাও জানা গেছে।
এদিকে, গবেষণায় বরাদ্দ দেওয়া অর্থের পুরোটা অনেক ক্ষেত্রে ব্যয় হয় না। অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার ঘটনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউজিসির কর্মকর্তাদের ভাষ্য, গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণে পর্যাপ্ত জনবল ও কারিগরি সক্ষমতার ঘাটতি রয়েছে। ফলে বরাদ্দের অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়মিত যাচাই করা কঠিন।
গবেষণার মান ফেরাতে যা প্রয়োজন
শিক্ষাবিদদের মতে, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নত করতে শুধু অর্থ বরাদ্দ বাড়ালে হবে না। প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, আধুনিক পরীক্ষাগার এবং গবেষণার ফল মূল্যায়নের কার্যকর ব্যবস্থা।
গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা তৈরির কাজ করছে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগ।
গবেষণার দায়িত্ব শুধু সরকারের নয়। শিল্পকারখানার মালিকদেরও এগিয়ে আসতে হবে। কিন্তু দেশের অনেক শিল্পোদ্যোক্তা দ্রুত মুনাফা পেতে চান। দীর্ঘমেয়াদি গবেষণায় তাদের আগ্রহ তুলনামূলক কম। এ মনোভাব কাটিয়ে উঠতে হবে। - ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ
পাশাপাশি ইউজিসির অধীনে স্বাধীন জাতীয় গবেষণা তহবিল গঠন, প্রতিযোগিতামূলক অনুদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শিক্ষাবিদরা।
শিক্ষাবিদ অধ্যাপক মনজুর আহমদ বলেন, সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা প্রয়োজন। গবেষণা কাউন্সিলের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।
ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ জাগো নিউজকে বলেন, গবেষণার দায়িত্ব শুধু সরকারের নয়। শিল্পকারখানার মালিকদেরও এগিয়ে আসতে হবে। কিন্তু দেশের অনেক শিল্পোদ্যোক্তা দ্রুত মুনাফা পেতে চান। দীর্ঘমেয়াদি গবেষণায় তাদের আগ্রহ তুলনামূলক কম। এ মনোভাব কাটিয়ে উঠতে হবে।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘গবেষণার মূল উদ্দেশ্য নতুন জ্ঞান তৈরি এবং মানুষের সমস্যার সমাধান করা। সেই লক্ষ্য থেকে সরে গিয়ে গবেষণা যদি শুধু প্রকাশনার সংখ্যা, পদোন্নতি কিংবা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে। দুভার্গ্যজনকভাবে এমন ঘটনা ঘটছে। এ থেকে উত্তরণে সরকারের নির্দেশনায় ইউজিসি কাজ করছে। আশা করি, আগামীতে এ অবস্থা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে।’