Image description

চৌদ্দ বছরের বকেয়া বেতন, জ্যেষ্ঠতাসহ নানা দাবিতে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় গত রোববার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান এবং সোমবার উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেটে তিন দিন অফিস বন্ধ ঘোষণা, ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন এবং আন্দোলনকারী ২২ কর্মকর্তাসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরো জটিল রূপ নেয়।

সূত্রমতে, মামলার আসামি কর্মকর্তারা গ্রেপ্তারের পাশাপাশি নানা শঙ্কায় রয়েছেন। এ অবস্থায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্যোগ এবং দাবি আদায়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল রোববার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী সমাবেশের মধ্য দিয়ে এসব দাবি তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গতকাল শুক্রবার আমার দেশকে জানান, সমাধানে কাজ চলছে। চেষ্টা করছে সরকার। আশা করি, সরকার একটা সিদ্ধান্তের দিকে যাবে।

বকেয়া বেতন ও অন্যান্য দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তিনটি প্রমোশনসহ বহু উদ্যোগ নিয়েছি। এখন সরকারের সিদ্ধান্তের বিষয়। কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, এটি অন্য জায়গা থেকে করা হয়েছে। মামলা কোনো বিষয় নয়, বিষয়টি আমি দেখব।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে আওয়ামী সরকারের সময় তাদের চাকরিচ্যুত করা হয়।

দীর্ঘ আইনি লড়াই আর হতাশার পর চব্বিশের বিপ্লব-পরবর্তী ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের সিনিয়রিটি অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়। সুযোগ পেয়ে ৮৭৬ কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

তবে পুনর্বহালের পর সিনিয়রিটি, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, সিনিয়রিটি, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করার দাবিতে আন্দোলনে নামেন ভুক্তভোগীরা।

সূত্রমতে, দীর্ঘ ১৮ মাসে নানাভাবে দাবি-দাওয়া জানানোর একপর্যায়ে গত রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে নামেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। ওই দিন উপাচার্যের অনুপস্থিতিতেই তারা তার দপ্তর ঘেরাও করে এই বিক্ষোভ করেন। পরদিনও একই কর্মসূচিতে নামলে উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

উদ্ভূত পরিস্থিতিতে রাত আটটার দিকে উপাচার্য এএসএম আমানুল্লাহ নিজের ফেসবুক পোস্টে বলেছিলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দিব। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করব না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করব, না দিলে করব না। কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’

একপর্যায়ে রাত ১০টার দিকে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মধ্যরাতে ‍পুলিশ প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ।

এদিকে গত সোমবার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন চলাকালে পুরোনো দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আরেকটি অংশ র‌্যালি বের করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সিনিয়র কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের উপস্থিতিতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বৈঠকে কর্মকর্তাদের আন্দোলনে মব সৃষ্টি হচ্ছে কিনাÑএসব প্রশ্ন তোলেন কেউ কেউ। তবে ওই বৈঠকে আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো সমাধান হয়নি।

একই দিন রাতে কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের ‘অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে’ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। এই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে ১৬ অক্টোবর ক্যাম্পাসে আন্দোলনের ঘটনায় জড়িত ২২ কর্মকর্তা এবং অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে গত বুধবার গাজীপুরের গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন। এতে সংশ্লিষ্ট মহলে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, মামলাকারী কর্মকর্তা পতিত আওয়ামী সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের ভাগিনা। ন্যায্য দাবি আদায়ে চলমান আন্দোলন দমনে ফ্যাসিস্টের এই দোসরকে দিয়ে মামলা করানো হয়েছে। তবে মামলা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে দাবি আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না, বরং তা আরো কঠোর হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গতকাল আমার দেশকে জানান।

এদিকে আন্দোলনের সমন্বয়কারী মিয়া হোসেন রানার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। অন্য একজন কর্মকর্তা জানান, মামলার অন্যতম আসামি হওয়ায় হয়তো গ্রেপ্তার এড়াতে তিনি মোবাইল থেকে দূরে আছেন।

মামলাকারী সহকারী প্রক্টর সালাহ উদ্দিনের মোবাইল নম্বরে গতকাল একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।