Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বিনষ্ট করতে পতিত ফ্যাসিবাদী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 

আরও বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা রক্ষায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরে এ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছে।