চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ০৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক দাপ্তরিক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, উক্ত কর্মকর্তা গত ২৮ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ (অপরাহ্ন) থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে, গত ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখপূর্বক আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে উক্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতির আবেদনপত্র দাখিল করেন।
তার জমাকৃত আবেদন এবং চুয়েটের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ০৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে তাকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি প্রদান করে। একই সঙ্গে, তার দীর্ঘ কার্যকালে চুয়েটের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন: ‘গত ২৪ সেপ্টেম্বর আমার যোগদানের দিন সন্ধ্যায় রেজিস্ট্রার মহোদয়ের সাথে এক সৌজন্য আলোচনায় তিনি ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আমার যোগদানের পূর্বে ১লা সেপ্টেম্বর, ২০২৬ অব্যাহতিপত্র দিয়ে রেখেছেন বলে জানান এবং পরবর্তীতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তাঁর লিখিত আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করি, এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে নিরাপদে শিক্ষাদান ও গবেষণামূলক কার্যক্রমে পূর্ণ মনোযোগ দিতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রবিধি ও নিয়মানুযায়ী পরবর্তী দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট সকল দপ্তরপ্রধানকে নিজ নিজ অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।