Image description

রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে আপত্তিকর অবস্থান করার অভিযোগে এক যুবককে ধাওয়া করে আটক করেছেন ছাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই যুবককে ধরে পেটাতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৫ আগস্ট) কলেজের সামনে এসে ওই যুবক প্রস্রাব করতে বসলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ছাত্রী কলেজের সামনে থাকা এক ব্যক্তিকে ধাওয়া করছেন। এ সময় আরও কয়েকজন ছাত্রী তার সঙ্গে যোগ দেন। তারাও ওই যুবককে ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

পরে ওই যুবককে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পেটাতে দেখা যায় ভিডিওতে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি নিয়মিত কলেজের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। গতকাল শনিবারও একই ধরনের আচরণ করায় ছাত্রীরা তাকে ধাওয়া করেন। তবে এ ঘটনায় ইডেন মহিলা কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।