Image description

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শুনে শামীমা আক্তার মুন্নি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের মধ্যে আত্মহত্যার গুজব ছড়ালেও পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ওই শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নি উপজেলার চেড়িয়ারা গ্রামের শামীম হোসেনের মেয়ে এবং ওই গ্রামের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক শাখার শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষায় সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে পরীক্ষার খারাপ ফলাফল মেনে নিতে না পেরে মুন্নি আত্মহত্যা করেছে।

তবে তার চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আমরা মনে করি, এটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শামীমা আমাদের মানবিক বিভাগের ছাত্রী ছিল। ফলাফলে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুব বলেন, এটি আত্মহত্যার ঘটনা নয়। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর হঠাৎ ওই শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। পরে তার অভিভাবকরা তাকে শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হার্টের সমস্যায় তার মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক। জীবনে অনেক চড়াই-উতরাই আসবে, ফলাফল যাই হোক না কেন, ঘুরে দাঁড়ানোর সাহস রাখতে হবে। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।