Image description

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। এর মাধ্যমে প্রায় আড়াই মাসের অপেক্ষা শেষ হতে চলেছে ১৮ লাখের বেশি শিক্ষার্থীর। ফলাফল হাতে পাওয়ার পর শিক্ষাজীবনের পরবর্তী ধাপ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির প্রস্তুতি শুরু করবে তারা। ফলাফল প্রকাশের পর মোবাইল ফোনের এসএমএস, বোর্ডগুলোর ওয়েবসাইট ও প্রতিষ্ঠান থেকে জানতে পারবে পরীক্ষার্থীরা। 

জানা গেছে, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সবমিলিয়ে প্রায় আড়াই মাস ফলাফলের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। গত ২৭ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে ১০ আগস্ট ফলাফল প্রকাশের তথ্য জানানো হয়। সাধারণত সকাল ১০টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এরপর থেকে দেখতে পারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

ফলাফল দেখা যাবে তিন উপায়ে-

ওয়েবসাইটের মাধ্যমে 
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করুন। এরপর নিদির্ষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন। শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ৩+৫ = ৮) পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

এসএমএস পদ্ধতি 
এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা: মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil  MAD 123456  2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456  2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।