জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৩ জুন)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পাশাপাশি প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকেন, তবে তাকে আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।