Image description

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে পরীক্ষার উত্তর মেলাতে গিয়ে মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। আটককৃত পরীক্ষার্থীর নাম মো. ইমন (রোল নম্বর: ১৫২৩৪৯)। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর এক পর্যায়ে হলের দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন নিয়ে আসছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি ছবি তুলে চ্যাট জিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে ছেয়েছি। কিন্তু আমি তা করতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, ‘পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে।’