ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন’ (ডুমা)-এর ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু হুজায়ফা জাবেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম নাঈম মনোনীত হয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে প্রায় ২৫০ জনের বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম। এছাড়া তা’মীরুল মিল্লাতের দুই ক্যাম্পাসের অধ্যক্ষসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীনবরণও সম্পন্ন হয়।
সংগঠনটির নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে প্রতি বছর নবীনবরণ, প্রীতি টুর্নামেন্ট, ফলচক্র, ইফতার ও গেট-টুগেদারসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিল্লাতিয়ান শিক্ষকদের নিয়ে শিগগিরই একটি গেট-টুগেদার আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
ডুমা মূলত যাত্রাবাড়ী, মাতুয়াইল ও টঙ্গী তা’মীরুল মিল্লাতের তিনটি প্রধান ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। প্রতি বছর এসব ক্যাম্পাস থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত মিল্লাতিয়ান শিক্ষার্থীর সংখ্যা এক হাজার দুইশোর বেশি।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাক্ষেত্রে ‘ঢাবিয়ান মিল্লাতিয়ান’দের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষক এ পরিবারের সদস্য। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান ও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন অনেক মিল্লাতিয়ান।
২০২৬-২০২৭ সেশনের জন্য গঠিত ডুমার আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি আসিফ ইমাম; সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, শাকিব রহমান ও জান্নাত আরা তাবাসসুম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিফাতুল্লাহ, তাহমিনা বিনতে আমিন, ইমাম হাসান, জিহাদ উল্লাহ ও রাইসা জাহান লিনা।