Image description

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন আবাসিক হলের একদল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত সাড়ে এগারোটার দিকে কলেজ গেটের সামনে বিক্ষোভ করেন এই শিক্ষার্থীরা।  

এসময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’, ‘ইডেন কলেজে রাজনীতি, চলবে না চলবে না’— এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। 

বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান তারা। 

বিষয়টি নিশ্চিত করে ডিএম‌পির লালবাগ জো‌নের ডি‌সি ম্হোম্মদ তা‌লেবুর রহমান বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, “ইডে‌নের সাধারণ শিক্ষার্থীরা ক‌্যাম্পাসে ছাত্র রাজনী‌তি বন্ধের বিষ‌য়ে মি‌ছিল কর‌ছেন। খবর পে‌য়ে আমা‌দের পু‌লিশ সদস‌্যরা গি‌য়ে‌ছে। কোনও সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌নি। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক আছে। পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। খেয়াল রাখা হ‌চ্ছে।”  

এর আগে শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়। এর জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন। 

ইডেন কলেজে শিক্ষার্থী সুরাইয়া বেগম জানান, ‘ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ’ এটা সবাই জানে। এরকম একটা লেখা গেটে লেখা ছিল। সন্ধ্যায় দেখলাম সেই লেখা মুছে ফেলা হয়েছে। 

এই শিক্ষার্থীর মতে, “গুটিকয়েক শিক্ষার্থী স্থিতিশীল ক্যাম্পাসে আবার ছাত্র রাজনীতি এনে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যার প্রতিবাদে আজ আমরা মধ্যরাতে আন্দোলন করছি।” 

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ইডেন কলেজে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।