মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকদের মতো ভারী কিছু বহন করছেন। জায়েদ খানের এমন একটি ছবি সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল নানা ধরনের।
শেষ পর্যন্ত ছবিটির নেপথ্যের গল্প জানালেন জায়েদ খান নিজেই। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকা ড্রিম’ এর দৃশ্য।
বিষয়টি স্পষ্ট করে নিজের ফেসবুক পেজে জায়েদ খান লেখেন, গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহাআয্য করার কথাও বলেছেন।
জায়েদ খান বলেন, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।
‘আমেরিকা ড্রিম’-এর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এতে জায়েদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহিসহ কয়েকজন শিল্পী।
জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ঠিকানার ফেসবুক পেজ ও ইউটিউবে উন্মুক্ত হবে।