২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফি চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতোমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ উল্লেখ করে পোস্টে তিনি লিখেছেন, দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন। আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারব তখন দেশের মানুষকে দেখাতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচারটা শুধু দেখতে চাই। আর তাদের ওপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই। ধন্যবাদ।
তবে ছবিটির বিস্তারিত কিছু জানাননি তিনি। কারা এতে অভিনয় করবেন সেসব জানতে তাই অপেক্ষা করতেই হচ্ছে।
এর আগে ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’র মতো দেশাত্মবোধ সিনেমা নির্মাণ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই চলচ্চিত্র পরিচালক।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সেসময় সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।