Image description

দীর্ঘ কর্মঘণ্টা, একের পর এক কাজের চাপ, সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সময়ের অভাবে অনেক চাকরিজীবীকে প্রতিনিয়ত মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। অতিরিক্ত কাজের চাপ শুধু কর্মজীবন নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে না পারায় জমতে থাকে কাজ। এতে বাড়ে উদ্বেগ ও দুশ্চিন্তা। তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে কাজের চাপ অনেকটাই কমানো এবং নির্ধারিত সময়ের মধ্যে অফিসের কাজ শেষ করা সম্ভব।

আমেরিকান ইন্টারন্যাশনাল জার্নাল অব সোশ্যাল সায়েন্স এর এক সমীক্ষা অনুসারে, ভারতে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ সামলাতে গিয়ে প্রায় ৬৫ শতাংশ মানুষ হিমশিম খাচ্ছেন। কর্মক্ষেত্রের এই চাপ অনেক সময় ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠানেই কাজের চাপ থাকে। তবে সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই চাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। অফিসের কাজ সহজ করতে এবং মানসিক চাপ কমাতে যেসব কৌশল অনুসরণ করতে পারেন—

১. দিনের শুরুতেই কাজের পরিকল্পনা করুন
অফিসে পৌঁছে দিনের শুরুতেই ঠিক করে নিন কোন সময়ে কোন কাজটি করবেন। দিনের বিভিন্ন সময়ে নতুন কাজের দায়িত্ব আসতে পারে। তাই সেগুলোও আলাদা করে লিখে রাখুন। এরপর কাজের গুরুত্ব ও জরুরি প্রয়োজন বিবেচনা করে অগ্রাধিকার ঠিক করুন। এতে কোন কাজটি আগে শেষ করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকবে এবং গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়ার আশঙ্কা কমবে।

২. সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দিন
কাজ জমিয়ে রাখার অভ্যাস থেকেই অনেক সময় অতিরিক্ত চাপ তৈরি হয়। তাই প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয়ভাবে কোনো কাজ ফেলে রাখবেন না। পাশাপাশি খুব বেশি প্রয়োজন না হলে অফিসের কাজ বাড়িতে নিয়ে যাওয়া এড়িয়ে চলুন। কর্মঘণ্টার বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোও জরুরি। কাজের ক্লান্তি ও মানসিক চাপ কাটিয়ে উঠতে পারিবারিক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন
কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক কাজের গতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষ করে দলগত কাজের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া জরুরি। তাই সবার সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখুন। তবে কোনো সহকর্মী সুসম্পর্কের সুযোগ নিয়ে আপনার ওপর অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কি না, সে বিষয়েও সচেতন থাকতে হবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন।

৪. কোনো বিষয়ে না বুঝলে পরামর্শ নিন
অফিসের কোনো কাজ বা দায়িত্ব সম্পর্কে অস্পষ্টতা থাকলে দ্রুত অভিজ্ঞ সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নিন। অনেকেই না বুঝলেও প্রশ্ন করতে সংকোচ বোধ করেন। এতে কাজ করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা বাড়ে এবং পরে সেই ভুল সংশোধন করতে অতিরিক্ত সময় ব্যয় হয়। পাশাপাশি ভুলের কারণে মানসিক চাপও তৈরি হয়। তাই শুরুতেই প্রয়োজনীয় বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া ভালো।

৫. আড্ডা ও মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা ও কথাবার্তা কাজের পরিবেশকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। তবে এসবের কারণে যেন গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজের চাপ বিবেচনা করে আড্ডার জন্য সময় নির্ধারণ করুন। একইভাবে অফিস চলাকালে ব্যক্তিগত মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকুন। সামাজিক যোগাযোগমাধ্যম বা অপ্রয়োজনীয় ফোন ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।

৬. কাজের ফাঁকে ছোট বিরতি নিন
অনেকের ধারণা, একটানা বসে কাজ করলে দ্রুত কাজ শেষ করা যায়। তবে মনোবিদদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘ সময় একটানা কাজ না করে এক থেকে দুই ঘণ্টা পরপর ছোট বিরতি নেওয়া উচিত। এ সময় নিজের আসন থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন কিংবা সহকর্মীদের সঙ্গে কথা বলতে পারেন। এতে দীর্ঘ সময় বসে থাকার ক্লান্তি কমে এবং কাজে মনোযোগ ও গতি ফিরিয়ে আনা সহজ হয়।

কর্মক্ষেত্রে কাজের চাপ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে কাজ করা, সময়ের সঠিক ব্যবহার, সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় বিরতি নেওয়ার মাধ্যমে চাপ অনেকটাই কমানো যায়। এতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্যও পর্যাপ্ত সময় বের করা সম্ভব।