Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ দিকে তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।