শোবিজ জগতের দুই তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে এবার উঠেছে ভাঙনের গুঞ্জন। ১৬ বছরের দীর্ঘ দাম্পত্যের পর ব্যক্তিগত দূরত্ব ও বিচ্ছেদের সুর চলছে তাদের সংসারে। হঠাৎ অন্তর্জালে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা।
শোনা যাচ্ছে, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি, তবু প্রশ্ন উঠছে- তবে কি সত্যিই বদলে যাচ্ছে এ দুই তারকার সম্পর্কের সমীকরণ?
গুঞ্জন আছে, অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মতবিরোধের কথা। বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার। আর এই বিষয়কে কেন্দ্র করেই তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, প্রস্তুতি চলছে বিচ্ছেদের।
বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে ক্ষুদে বার্তায় স্পষ্ট জানান, ‘অপ্রয়োজনীয় আলাপে’ আগ্রহী নন তিনি। ফলে তাদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
তিশা-ফারুকীর একসঙ্গে পথচলা, অসংখ্য স্মৃতি আর ভালোবাসার গল্প- সবকিছুর পরিণতি কি সত্যিই বিচ্ছেদ? নাকি সময়ের সঙ্গে কেটে যাবে এই দূরত্ব! এর উত্তর জানতে দুই তারকার অফিশিয়াল মন্তব্যের জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের।