সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী পরীমনিকে নিয়ে এআই প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। এ ঘটনায় মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও এতে তার কোনো উপকার হয়নি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে তার স্বাভাবিক জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে দায়ী করেছেন তিনি।
শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
পোস্টে পরীমনি লেখেন, ‘ডিয়ার মাছরাঙ্গা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত।’
সামাজিক মাধ্যমে তার সন্তানদের ছবিও নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন পরীমনি। তিনি লেখেন, এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কি করবো বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর।’
এর আগে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখানে ওই ভিডিও প্রকাশ করা হয়। একইসঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানানো হয়।
এ বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করে পরীমনি প্রশ্ন তোলেন, আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসেও ওই ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমনি। তিনি জানিয়েছিলেন, ভিডিওটি নতুন নয়, প্রায় এক থেকে দেড় বছর আগে থেকেই অনেকে তাকে এটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন তিনি।