Image description

পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিথ্যা ভিডিওকে কেন্দ্র করে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন চিত্রনায়ক ওমর সানী। স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে জড়িয়ে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন দাবি করে তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্ট সরিয়ে না নিলে মামলা করবেন। পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রচারে ক্ষোভ প্রকাশ করে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় পরিবারকে ঘিরে চলমান আলোচনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। তার প্রশ্ন, ব্যক্তিগত জীবন নিয়ে বারবার লেখালেখি করার প্রয়োজন কী?

ক্ষুব্ধ কণ্ঠে এই অভিনেতা বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

 
 
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রে থাকা বাসা থেকে মাকে বের করে দিয়েছেন বলেও প্রচার করা হয়। তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।

 
 

অভিনেতার ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর ছড়িয়েছে, সেটির বাস্তব ভিত্তি নেই বলে জানান এই অভিনেতা।

 

পরিবার নিয়ে ভালো থাকার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’ পরিবারকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট দিয়ে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন ওমর সানী। তিনি বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’

এর আগে মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছিলেন ফারদিনও। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন।

ছেলের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন ওমর সানী। এবার বিএফডিসিতে সাংবাদিকদের সামনে এসে একই বিষয়ে সরাসরি কথা বললেন তিনি। পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার বার্তাই দিয়েছেন এই অভিনেতা।