শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। এর মধ্যেই তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠানোর খবর সামনে আসে। তবে সেই টাকা শেষ পর্যন্ত রিফাত চৌধুরী গ্রহণ করেননি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাতের কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নিতে অস্বীকৃতি জানান তিনি। ফলে চিকিৎসার সহায়তা হিসেবে পাঠানো টাকা নিয়ে তৈরি হওয়া আলোচনায় যোগ হয়েছে নতুন মোড়।
ঘটনার শুরু কয়েক দিন আগে। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। কিন্তু সেই টাকা রিফাতের হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, তার চিকিৎসায় জায়েদ টাকা পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে বিরক্ত হন রিফাত।
শুক্রবার রাতে রিফাত চৌধুরী বলেন, তিনি শুনেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। তবে সেই টাকা তাকে দেয়া হয়নি, এমনকি বিষয়টি নিয়েও তাকে নিশ্চিতভাবে জানানো হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে অবশ্য জানা যায়, জায়েদ সত্যিই তার জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই টাকা তার কাছে পৌঁছে দিতে গেলেও তিনি তা গ্রহণ করেননি।
১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতেও থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেয়া হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন রিফাত। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বেশ কিছু জনপ্রিয় কাজে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।
বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে ফিরতে পারলে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও মন দেয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি।