Image description

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের পর ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান। বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

বর্তমানে ভেনিসেই আছেন বাঁধন। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি বলেন, আমি কখনো মাথা নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।

তিনি বলেন, ‘আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। উনার অফিস থেকে লোক আসছে। উনাদের সাথে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে। যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’

বাঁধন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিস থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশী।

এর আগে, সোমবার রাতে ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এর পর রাতেই ফেসবুক পোস্টে এ নিয়ে বিস্তারিত জানান তিনি।