Image description
এতদিন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বলতেই দর্শকের চোখে ভেসে উঠেছে একজনের মুখ—অমিতাব বচ্চন। মাইকের সামনে বসে তার কণ্ঠে প্রশ্ন, আর বিপরীতে কোটি রুপি জয়ের আশায় প্রতিযোগীর টানটান উত্তেজনা—এই দৃশ্যই যেন শোটির পরিচিত ছবি। কিন্তু এবার সেই পরিচিত সমীকরণে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো এই জনপ্রিয় কুইজ শোর একটি সংস্করণে সঞ্চালকের আসনে বসছেন কোনো নারী। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদন মতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রথমবার নারী সঞ্চালকের দায়িত্ব পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে অমিতাব বচ্চনকে সরিয়ে নয়। মাধুরীকে দেখা যাবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে সঞ্চালকের ভূমিকায়।
 
 
এর আগে মরাঠি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের দায়িত্ব সামলেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মাধুরী। তার হাত ধরেই প্রথমবার এই সংস্করণে কোনো নারী সঞ্চালক হিসেবে দেখা যাবে।
 
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী। তিনি জানান, সঞ্চালক হিসেবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া তার ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনাকে ঘিরে তৈরি এই শোর অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন তিনি।
 
 
নতুন দায়িত্ব নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন মাধুরী। তার ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মাধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারও মতে, দীর্ঘ অভিনয়জীবনের পর সঞ্চালনার দায়িত্ব তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। আবার কেউ মনে করছেন, মাধুরীর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনার সঙ্গে কুইজ শোর পরিবেশ বেশ মানিয়ে যাবে।
 
এবার দেখার পালা, প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে প্রতিযোগীদের কতটা চাপে ফেলতে পারেন মাধুরী— আর তার সঞ্চালনায় কতটা জমে ওঠে কোটি রুপি জয়ের সেই চেনা উত্তেজনা।